logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ আগস্ট ২০২৬ ০২:১৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে যুবদলনেতা আবুল হাসিমের সাক্ষাৎ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ আগস্ট ২০২৬ ০২:১৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ আগস্ট ২০২৬ ০২:১৯ অপরাহ্ন
জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে যুবদলনেতা আবুল হাসিমের সাক্ষাৎ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জনপদ জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীতকরণ, প্রস্তাবিত দ্রুত পৌরসভা বাস্তবায়ন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিনের বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও জৈন্তাপুর উপজেলার কৃতী সন্তান আবুল হাসিম।


বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানী ঢাকার পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার বর্তমান সার্বিক পরিস্থিতি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, যোগাযোগব্যবস্থা, স্থানীয় অবকাঠামো, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার সামগ্রিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন।


এ সময় জৈন্তাপুরের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে পৌরসভা বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে মন্ত্রীর কাছে উপস্থাপন করেন আবুল হাসিম। তিনি বলেন, জৈন্তাপুরের জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি, ভৌগোলিক গুরুত্ব এবং ক্রমবর্ধমান নাগরিক চাহিদার বিবেচনায় একটি পৌরসভা প্রতিষ্ঠা সময়ের দাবি। পৌরসভা বাস্তবায়িত হলে পরিকল্পিত নগরায়ণ, নাগরিক সেবা বৃদ্ধি, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।


আলোচনায় আবুল হাসিম জৈন্তাপুরের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও মন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি উপজেলার চলমান ও প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন এবং জনগণের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান তিনি।


সাক্ষাৎকালে আবুল হাসিম জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়িত হলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের আগ্রহের কথাও মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জৈন্তাপুরের মানুষের সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখেছেন। সুযোগ পেলে স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে আরও কার্যকরভাবে কাজ করতে চান তিনি।


আলোচনাকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নসহ এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান আবুল হাসিম।


আবুল হাসিম আরও জানান, জৈন্তাপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে মন্ত্রীর কাছে তুলে ধরেছেন। মন্ত্রীও বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


সাক্ষাৎ শেষে আবুল হাসিম বলেন, “জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আমি ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। জৈন্তাপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”


তিনি মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জৈন্তাপুরের উন্নয়ন ও পৌরসভা বাস্তবায়নের বিষয়ে মন্ত্রীর আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান তিনি।


জৈন্তাপুরের দীর্ঘদিনের পৌরসভা বাস্তবায়নের দাবি সামনে রেখে মন্ত্রীর সঙ্গে আবুল হাসিমের এ সাক্ষাৎকে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17068
Page of