logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৮ আগস্ট ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

তাহিরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
তাহিরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) উপজেলার আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪টি দল অংশ নেয়। এবারের বিতর্কের বিষয় ছিল— ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।’


বিতর্কে শিক্ষার্থীরা বিষয়টির পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি, তথ্য ও মতামত তুলে ধরে। যুক্তিতর্কের মাধ্যমে তারা দুর্নীতির কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধ ও দমনের কার্যকর উপায় নিয়ে আলোচনা করে।


প্রতিযোগিতায় আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বিতর্কের পক্ষে ও বিপক্ষে অংশ নেওয়া দুজন শিক্ষার্থীকে সেরা বক্তা নির্বাচিত করা হয়।


অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন রমেন্দ্র নারায়ণ বৈশাখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রতন মিশ্রি, সুপ্তি রানী সরকার, জাহানারা বেগম, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পিংকি তালুকদার, দক্ষিণ কুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিন এবং বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত।


এ সময় আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি অনন্ত দেবনাথ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। বিতর্কের মতো সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে দুর্নীতির কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটানো সম্ভব।


পরে অতিথিরা আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17060
Page of