logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৭ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রবীণ ইউপি সদস্য মো. তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্থানীয় বাগময়না গ্রামে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মো. তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গ্রামের গণ্যমান্য ব্যক্তি সাইফুর রহমান মাখন, আকমল হোসেন, জিয়াউর রহমান, এরশাদ মিয়াসহ অনেকে।


এ সময় গিয়াস উদ্দিন সারেং, চমক আলী, আবদুল ইজাজ, আমির উদ্দিন, এলেমান মিয়া, নজির উদ্দিন, আবদুর রহিম, মিজাজুল ইসলাম, এনাম মিয়া, স্বপন মিয়াসহ স্থানীয় প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, ইউপি সদস্য মো. তেরা মিয়া এলাকার সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি একজন সৎ ও সজ্জন মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে জনসেবায় নিয়োজিত রয়েছেন। তাকে জড়িয়ে অপপ্রচারের ঘটনা এলাকাবাসীর হৃদয়ে আঘাত করেছে। কোনো প্রকার অনিয়ম-দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন দাবি করে বক্তারা বলেন, একজন সৎ মানুষকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার বড় ধরনের ষড়যন্ত্রের শামিল। এ ধরনের অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।


ইউপি সদস্য মো. তেরা মিয়া বলেন, “বিগত নির্বাচনে আমার সঙ্গে পরাজিত ব্যক্তি জাকির হোসেন তার লোকজনকে দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার মানহানি করার লক্ষ্যে অপপ্রচার চালিয়েছেন। বিষয়টি গ্রামবাসী মেনে নিতে পারছেন না। ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।”


তিনি আরও বলেন, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে সালুয়া নদী পাওয়ার পাম্প থেকে রাসেলের বাড়ি পর্যন্ত ৪ লাখ টাকার কাজ এবং রাসেলের বাড়ি থেকে স্বজনশ্রী নয়াপাড়ার সামন পর্যন্ত আরও ৪ লাখ টাকার মাটি কাটার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া স্বজনশ্রী সড়ক থেকে হিরা মিয়ার বাড়ি পর্যন্ত আরও ২ লাখ টাকার মাটি কাটার কাজ শেষ হয়েছে।


তেরামিয়া দাবি করেন, জনস্বার্থে তিনি নিজ খরচেও অতিরিক্ত কাজ করেছেন, যা বর্তমানে দৃশ্যমান রয়েছে। এসব কাজে অনিয়ম-দুর্নীতি হয়েছে দাবি করে জাকির হোসেনসহ তার লোকজন অন্য রাস্তার ছবি তার রাস্তার কাজের ছবি হিসেবে দেখিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।


তিনি বলেন, “এসব অপপ্রচারের বিরুদ্ধে আমি আইনগতভাবে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।”


এদিকে মানববন্ধন ও প্রতিবাদসভাকে সমর্থন করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কাজী নজরুল ইসলাম নিজামী।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16806
Page of