পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন চেয়ারম্যান প্রার্থী তামিম জুবায়ের মিনহাজ
আসন্ন ৩ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। “পরিবর্তনের অঙ্গীকার, সেবার প্রতিশ্রুতি” শীর্ষক ইশতেহারে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তামিম জুবায়ের মিনহাজ পেশায় একজন আইনজীবী। তিনি এলএলবি (অনার্স) ও এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। ইশতেহার প্রকাশকালে তিনি বলেন, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিকে ধারণ করে জনগণের প্রতিনিধি হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
তাঁর নির্বাচনী ইশতেহারে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং দুর্নীতি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সব ধরনের নাগরিক সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করার কথা বলা হয়েছে।
স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।
যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন এবং কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহায়তার পাশাপাশি কৃষিবান্ধব উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
ইশতেহারে ইউনিয়নের রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা ও ভাঙন সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও ইশতেহারে তুলে ধরা হয়েছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করে দল-মত-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করার চেষ্টা করার কথা জানিয়েছেন তামিম জুবায়ের মিনহাজ।
এছাড়া দীর্ঘদিনের প্রত্যাশিত ৩ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। জনগণের জন্য চেয়ারম্যানের কার্যালয় সর্বদা উন্মুক্ত রাখা এবং সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও রয়েছে তাঁর ইশতেহারে।
ইশতেহার প্রকাশ উপলক্ষে তামিম জুবায়ের মিনহাজ বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা বাস্তবায়ন করা সম্ভব নয়। জনগণের আস্থা, অংশগ্রহণ ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও মানবিক ৩ নম্বর সুরমা ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি ৩ নম্বর সুরমা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, মূল্যবান ভোট ও আন্তরিক সমর্থন কামনা করেন।
তাঁর নির্বাচনী স্লোগান—“নেতা নয়, জনগণের সেবক হতে চাই” এবং “আপনার ভোট, আপনার অধিকার—উন্নয়নের পথে একসাথে এগিয়ে চলি।”