logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ আগস্ট ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ঘুরতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচরের সাইফুল নিহত

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ আগস্ট ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ আগস্ট ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন
সিলেটে ঘুরতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচরের সাইফুল নিহত

সিলেটে ঘুরতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সাইফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ওই উপজেলার ফারুকুল ইসলাম ও আব্দুল লতিফ আহত হয়েছেন।


শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।


জানা গেছে, গত বুধবার সাইফুল ইসলাম, ফারুকুল ইসলাম, জমরুত মিয়া, মো. রানা ও আব্দুল লতিফ—এই পাঁচ বন্ধু সিলেট ভ্রমণে আসেন। ফেরার পথে সাইফুল, ফারুকুল ও আব্দুল লতিফ বাসে করে কুলিয়ারচরের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে জমরুত মিয়া ও মো. রানা বিমানে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তবে পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।


আহত আব্দুল লতিফ জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে রওনা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর এলাকায় বিপরীতমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।


উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক জমরুত মিয়া বলেন, অনেক দিন ধরেই তাদের সিলেট ভ্রমণের পরিকল্পনা ছিল। বিমানে ওঠার আগেই সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, সংঘর্ষে বাসের এক পাশের যাত্রীরাই বেশি হতাহত হয়েছেন।


নিহত সাইফুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। পেশায় ঠিকাদার সাইফুল ইসলাম কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16825
Page of