দুই বছর পর সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে ফিরলেন নাসিম হোসাইন
প্রায় দুই বছর পর সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পুনরায় ফিরে পেয়েছেন নাসিম হোসাইন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে।
২০২৩ সালের ১০ মার্চ অনুষ্ঠিত সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে ভোটের মাধ্যমে নাসিম হোসাইন সভাপতি, মো. ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক এবং সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় নাসিম হোসাইন দেশের বাইরে অবস্থান করায় কেন্দ্রীয় কমিটি তার সভাপতির পদ স্থগিত করে। এরপর ১ আগস্ট কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৪ নভেম্বর ঘোষিত ১৭০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটিতে সভাপতি হিসেবে নাসিম হোসাইনের নামও ছিল না।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন থেকে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
চিঠিতে আরও বলা হয়, নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে দল প্রত্যাশা করে।
চিঠির অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন, মিফতাহ্ সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের বাইরে অবস্থান করায় নাসিম হোসাইনের সভাপতির পদ স্থগিত করা হয়েছিল। প্রায় দুই বছর পর কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি আবারও সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেলেন।