জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল মান্নান, আব্দুল জব্বার এবং সাংবাদিক আবদুল্লাহ।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের প্রতিনিধিত্ব করেন শ্রীজা বৈদ্য, নাহিদ আহমদ ও মাঈশা জান্নাত তিশা। বিপক্ষ দলের প্রতিনিধিত্ব করেন রিদিতা আক্তার আখি, শাহরিয়ার সাদাফ এবং হানিফা আক্তার বর্ষা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ হাবিবুল্লাহ, আলমগীর হোসেন এবং ধরনী দেব শর্মা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল হক ও চঞ্চল শর্মা।
প্রতিযোগিতায় চমৎকার যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপনা ও বিশ্লেষণের মাধ্যমে পক্ষ দল বিজয়ী হয়। একই সঙ্গে পক্ষ দলের দলনেতা শ্রীজা বৈদ্য শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক আয়োজন আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান।