জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফ্রান্সে দোয়া মাহফিল
ফ্রান্স প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফ্রান্সে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের রক্তঝরা জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এ আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক জনমত গঠন, কূটনৈতিক তৎপরতা এবং মানবিক সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও ঐক্য সুদৃঢ় করতে ভবিষ্যতেও প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্স (বিসিএএফ)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস. এম. মিল্টন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সহ-সভাপতি কাজী আব্দুর রেজা তুহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম মিয়া। প্রধান বক্তা ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মিয়া মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার পারভেজ, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আলম খান, ফ্রান্স মহানগর যুবদলের সহ-সভাপতি আজিম আহমেদ মল্লিক, ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, চ্যানেল এস ফ্রান্সের সাংবাদিক প্রতিনিধি আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আপেল মাহমুদ মনু, সংগঠনটির প্রচার সম্পাদক রিয়াম সরকার, বন্ধু'ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সজুন মোল্লা, যুবনেতা জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বন্ধু'ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন হৃদয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা আরও বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে প্রবাসীরা দেশের পক্ষে সোচ্চার থেকেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দেশ, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের স্বার্থে প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।