জৈন্তাপুর পৌরসভা গঠনে সরকারের সবুজ সংকেত, আপত্তি দাখিলের সুযোগ এক মাস
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বহুল প্রত্যাশিত জৈন্তাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী শহর এলাকা ঘোষণার অভিপ্রায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জৈন্তাপুর থেকে ২ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের স্থানীয় সরকার শাখার ৩০ জুলাই ২০২৬ তারিখের ৫১৮ নম্বর স্মারকের প্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় গত ১৪ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত এস.আর.ও. নং-২৮১-আইন/২০২৬ এর মাধ্যমে জৈন্তাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩) অনুযায়ী, জৈন্তাপুর পৌরসভা গঠনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে গেজেট প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সরকারের পক্ষে জেলা প্রশাসক, সিলেট বরাবর লিখিতভাবে আপত্তি দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত করার পাশাপাশি ব্যাপক প্রচারের জন্য উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং ১নং নিজপাট ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিনের দাবির পর জৈন্তাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে সরকারের এই উদ্যোগকে এলাকাবাসী গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।