মাদকমুক্ত মহানগর গড়তে এসএমপির মাসব্যাপী কর্মসূচি শুরু, বিভিন্ন এলাকায় র্যালি ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি শুরু হয়েছে। এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) মহানগরের মোগলাবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ডের মার্কাস পয়েন্টে পৃথকভাবে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব। এ সময় উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।