প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দিরাইয়ের দুই শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি, আনন্দে বিদ্যালয় ও পরিবার
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের দিরাই উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তারা হলো— দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোহম দাস এবং দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেহনুমা তাসনিম। তাদের এ কৃতিত্বে বিদ্যালয়, পরিবার এবং এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস দিরাই পপুলার লাইব্রেরির স্বত্বাধিকারী শুভ্র দাসের ছেলে। বৃত্তি অর্জনের পর সোহম তার এ সাফল্যের জন্য বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে সে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে। তার বাবা-মাও ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
অন্যদিকে, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রেহনুমা তাসনিমও একই পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ এবং গৃহিণী জলি বেগম দম্পতির ছোট মেয়ে।
বৃত্তি অর্জনের পর রেহনুমা তার এ সাফল্যের জন্য বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করে সে সবার কাছে দোয়া কামনা করেছে। তার বাবা-মাও মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে সোহম দাস ও রেহনুমা তাসনিম নিজ নিজ বিদ্যালয়, পরিবার এবং দিরাই উপজেলার জন্য গৌরব বয়ে এনেছে।