জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমির মূল্য না পেয়ে ৯ বছর পর তালা, ক্ষোভে ফুঁসছেন মালিকরা
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অধিগ্রহণ করা ভূমির মূল্য পরিশোধের দাবিতে গ্যাস ফিল্ডে তালা দিয়েছেন ভূমির মালিকরা। অধিগ্রহণের প্রায় নয় বছর পেরিয়ে গেলেও ন্যায্য মূল্য পরিশোধ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জকিগঞ্জ উপজেলার আনন্দপুর এলাকায় গ্যাস অনুসন্ধান চালিয়ে গ্যাসের সন্ধান পায়। পরে সিলেট জেলা প্রশাসক (ডিসি) ওই এলাকার ১৬ কেদার (কিয়ার) ভূমি অধিগ্রহণ করেন। তবে ভূমির মালিকদের ক্ষতিপূরণ পরিশোধের আগেই গ্যাস ফিল্ডের খনন কার্যক্রম শুরু করা হয়।
অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, রাজনীতিবিদ আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মোস্তফা আহমদ, আতাই মিয়া, সেলিম আহমদ, আব্দুল হান্নান, ওয়াহিদ মিয়া, নুরুল হুদাসহ আরও অনেকে।
ভূমির মালিকদের অভিযোগ, অধিগ্রহণের সময় ন্যায্য মূল্য পরিশোধ না করেই কূপ খননের কাজ শুরু করা হয়। তারা শুরু থেকেই ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানিয়ে আপত্তি তুললেও পরে এলাকা ও জাতীয় স্বার্থ বিবেচনায় কাজের সুযোগ দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও নানা অজুহাতে তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি।
এদিকে, এরই মধ্যে ভূমির শ্রেণি সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। সম্প্রতি এ বিষয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হলেও সেখানে কোনো সমাধান হয়নি। বর্তমান বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ আরও বাড়ে ভূমির মালিকদের মধ্যে।
জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ বলেন, ২০১৭ সালে ভূমি অধিগ্রহণের পর মাটি ভরাটের সময়ই মালিকরা ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে কাজে বাধা দিয়েছিলেন। পরে এলাকা ও জাতীয় স্বার্থ এবং গ্যাস ফিল্ডে স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি মালিকদের রাজি করিয়ে কাজের সুযোগ করে দেন। কিন্তু এরপরও দীর্ঘদিন ধরে মালিকদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে তারা গ্যাস ফিল্ডে তালা দিয়েছেন। তিনি এ কর্মসূচিকে যৌক্তিক বলে মন্তব্য করেন।
ভূমির মালিকদের প্রতিনিধি ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার বলেন, অধিগ্রহণের দীর্ঘ সময় পর ২০২৪ সালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমির নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমান বাজারদরের সঙ্গে সেই মূল্য কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। অধিগ্রহণের সময় থেকে এখন পর্যন্ত ভূমির দাম অনেক বেড়েছে। তাই বর্তমান বাজারদর অনুযায়ী ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা জমি ছাড়বেন না এবং গ্যাস ফিল্ডে তালা অব্যাহত থাকবে।
এ বিষয়ে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।