বানিয়াচংয়ে ২৮ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. শামীমা আক্তার।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ এবং বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপম দাস। তিনি ভিটামিন-এ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার হাদি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সাংবাদিক শেখ নুরুল ইসলাম এবং এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দিন বানিয়াচং উপজেলার ৩৬০টি সাব-সেন্টারের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৫২০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৮ হাজার ১৭ জন শিশুসহ মোট ৬৫ হাজার ৫৩৭ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মী, ইমাম-খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন, “একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামী”—এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বানিয়াচংয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং উপজেলার প্রতিটি শিশু এর সুফল পাবে।