অসহায় নারীর পাশে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি, ৫০ হাজার টাকা সহায়তা
সুনামগঞ্জ প্রতিনিধি।
মানবতার সেবায় এগিয়ে এসেছে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি (বিশ্বব্যাপী)। শারীরিকভাবে অক্ষম ও অত্যন্ত অসহায় এক নারীর চিকিৎসা ও জীবনমান উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই নারীর ভাইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পাওয়া নারী নেহারুল নেছা (৪২)। তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মৃত রাজমুল হকের স্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, সংগঠনের উপদেষ্টা আরশাদ আলী, সাধারণ সম্পাদক প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য কবির হোসেন, উমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।