ধর্মপাশায় ৩৮ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৩৮টি ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মাদকবিরোধী কমিটি ও সচেতন গ্রামবাসী।
গ্রেপ্তার তরিকুল ইসলাম বারহাট্টা উপজেলার ভাটগাঁও কেশবপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এনামুল ও আলী হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি মাদক ব্যবসায়ী চক্র এলাকায় মাদক সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যাহ জানান, শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে তরিকুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তল্লাশি চালিয়ে একটি ইয়াবার প্যাকেট পাওয়া যায়।
পরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।