জৈন্তাপুরে ৭০০ কেজি চা পাতা ও ডি-আই গাড়ি আটক, পলাতক আসামির বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার।
সিলেটের জৈন্তাপুর থানাধীন দরবস্ত ইউনিয়নের শ্রীখেল গ্রাম থেকে ৭০০ কেজি চা পাতা সহ একটি ডি-আই (DI) গাড়ি আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এসআই ওবায়দুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে এ অভিযান সম্পন্ন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শ্রীখেল গ্রাম থেকে সন্দেহজনক অবস্থায় থাকা একটি ডি-আই গাড়ি আটক করা হলে তল্লাশি করে ৭০০ কেজি চা পাতা পাওয়া যায়। আটককৃত চা পাতার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা বলে জানা গেছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত চা পাতা ও ডি-আই গাড়ি আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হেফাজতে রাখা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযানে ৭০০ কেজি চা পাতা ও একটি ডি-আই গাড়ি জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় এ ধরনের অবৈধ পণ্য পরিবহন রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।