কোম্পানীগঞ্জে শ্রমিক নেতা আবুল হত্যা মামলা: আরও এক এজাহারভুক্ত আসামি গ্রেফতার
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যা মামলার আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম আব্দুল রকিব। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের আব্দুল রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল রকিবকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ছয় দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িত অন্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।