বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনির
বিশ্বনাথ প্রতিনিধি।
সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান এবং নির্বাচনে সাংবাদিকবৃন্দসহ সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বুধবার (২৭ মে) সকালে পৌর শহরের পশ্চিম চান্দশীরকাপন গ্রামে অবস্থিত তাঁর নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুজিব আহমদ মনির বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত।
মতবিনিময় সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনির বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পাশে থেকে সক্রিয় রাজনীতি করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যেই তিনি মেয়র পদে প্রার্থী হবেন।
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে দখল ও দূষণে বিপন্ন হয়ে পড়া বাসিয়া নদীকে দখল-দূষণমুক্ত করে এর হারিয়ে যাওয়া নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করব। বাসিয়া নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করা গেলে বিশ্বনাথের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে।”
এছাড়াও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়ন বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, সংগঠক আল-আমিনসহ বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।