logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ মে ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে গরু বাঁধা নিয়ে সংঘর্ষের জেরে প্রাণ গেল ব্যবসায়ী আবুল হোসেনের, জানাজা সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মে ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মে ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে গরু বাঁধা নিয়ে সংঘর্ষের জেরে প্রাণ গেল ব্যবসায়ী আবুল হোসেনের, জানাজা সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-এর খাগাইল বাজারে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল হোসেন (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৭ মে) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


নিহত আবুল হোসেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন-এর গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল।


জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে খাগাইল বাজারে গৌরীনগর গ্রামের গরুর মালিক সামসুল এবং বাজার হাসিল মালিকপক্ষের লোক অলিউরের মধ্যে গরু খুঁটিতে বাঁধা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও দুই গ্রামের লোকজনের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।


ঘটনার দিন রাতে ধোপাগুল এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন। পথে খাগাইল গ্রামে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে তাঁকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বুধবার সকালে তিনি মারা যান।


বুধবার বাদ মাগরিব গৌরীনগর মাদ্রাসা মাঠে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান জানান, নিহত আবুল হোসেন তিন কন্যা সন্তানের জনক ছিলেন।


এদিকে, আহত আবুল হোসেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর গত শনিবার খাগাইল গ্রামে লুটপাট, ভাঙচুর এবং গবাদিপশু লুটের অভিযোগ উঠেছে।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ-এর পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, হামলার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15715
Page of