লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, মাদক ও দাঙ্গা দমনে কঠোর বার্তা
হবিগঞ্জ সংবাদদাতা।
হবিগঞ্জের লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন লাখাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ। মঙ্গলবার (১২ মে) দুপুরে লাখাই থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসি শরীফ আহমেদ। এতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস।
এছাড়াও লাখাই উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস, সুমন আহমেদ বিজয়, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, নাজিম উদ্দীন রানা, আশিক আহমেদ, শফিকুল ইসলাম সাবাল ও এসএম জুবায়ের আহমেদসহ অন্যরা।
সভায় ওসি শরীফ আহমেদ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, লাখাই উপজেলায় মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে পুলিশকে প্রো-অ্যাকটিভভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দাঙ্গা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলার স্থানীয় বুল্লাবাজার এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও চুরি, ডাকাতি ও অনলাইন ক্যাসিনো বন্ধে পুলিশের টহল জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান নবাগত এই পুলিশ কর্মকর্তা।
শেষে মতবিনিময় সভায় অংশ নেওয়ায় উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ওসি শরীফ আহমেদ।