logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ মে ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে বাসিয়া খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন
সিলেটে বাসিয়া খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

সিলেটের বাঁশিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।


জানা যায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাসিয়া নদী দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও পলি জমে অস্তিত্ব সংকটে পড়েছে। সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ এলাকা থেকে সুরমা নদী থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে মিলিত হয়েছে নদীটি। তবে বর্ষা ছাড়া বছরের অধিকাংশ সময় পানিশূন্য থাকে এই নদী।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নদী ও খাল পুনঃখননের মাধ্যমে প্রাকৃতিক পানি প্রবাহ ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা নিরসনে সরকার কাজ করছে। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


স্থানীয় বাসিন্দারা জানান, বাঁশিয়া খাল পুনঃখনন হলে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। একই সঙ্গে এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও সহায়ক হবে বলে তারা আশা করছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15115
Page of