সিলেট বিভাগীয় কমিশনারসহ তিন কর্মকর্তা বদলি
সিলেট:
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তাকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এদিকে একই সময়ে সিলেটের আরও দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনারকেও বদলি করা হয়েছে।
গত ১৩ এপ্রিল জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সোমবার (২০ এপ্রিল) এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় সেদিন বিকেলেই তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।