logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২২ এপ্রিল ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জাফলং সীমান্তে মানবপাচার চেষ্টার সময় র‌্যাবের অভিযান, দালাল চক্রের ২ জন গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ২২ এপ্রিল ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২২ এপ্রিল ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন
জাফলং সীমান্তে মানবপাচার চেষ্টার সময় র‌্যাবের অভিযান, দালাল চক্রের ২ জন গ্রেফতার

সিলেটে চাকরির প্রলোভনে ভারতে মানবপাচারের চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ দালাল চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯ জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, ভিকটিম জোছনা খানম (৫৩), নড়াইল জেলার সদর থানার শ্রীফলতলা এলাকার বাসিন্দা। স্বামী অসুস্থ থাকায় আর্থিক সংকটে পড়ে তিনি কাজের সন্ধানে ছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে জানান, জুয়েল মিয়া নামের একজন ব্যক্তি ভালো বেতনের চাকরি দিতে পারবেন।

পরবর্তীতে ভিকটিম ও নাহিদা খাতুন নামের একজন নারী জুয়েল মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ইতিপূর্বে তিনি ২৫০-৩০০ জনকে ভারতে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এরপর ভিকটিমকে ভারতে পাঠিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

পাসপোর্ট ও ভিসা না থাকায় ভিকটিমকে জাফলং এলাকায় কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হয়। গত ১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় ভিকটিম ও তার সঙ্গীকে জাফলং জিরো পয়েন্টে নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভারতে পাঠানোর চেষ্টা করা হয়।

বিকাল ৬টা ২০ মিনিটে গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সীমান্তবর্তী এলাকায় তাদের পারাপারের চেষ্টা চলাকালে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে ভিকটিম ও তার সঙ্গী জানান, তাদের জোরপূর্বক ভারতে পাঠানো হচ্ছিল। এলাকাবাসী ১নং বিবাদীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় ভিকটিম জোছনা খানম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল ২০২৬ দুপুর ১টা ৪৫ মিনিটে র‌্যাব-৯ সদর কোম্পানির একটি দল সিলেটের কোতোয়ালী থানাধীন পূর্ব কাজিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় পলাতক ২ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন শাকিল (২২), পিতা ইসমাইল আলী এবং ফয়সাল (২২), উভয়ই সাং আমস্বপ্ন, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং-২০, তারিখ ১৭/০৪/২০২৬, ধারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(২)/৭/৮ অনুযায়ী মামলা রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মানবপাচারসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14914
Page of