সিলেট বোর্ডে এসএসসি শুরু: ৮৯ হাজার পরীক্ষার্থী, মেয়েদের অংশগ্রহণ বেশি
সিলেট:।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এবছরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।
তথ্যমতে, পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৫ হাজার ৫৩০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই এবারও বেশি।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বিষয়টি নিশ্চিত করে জানান, ২২৫টি কেন্দ্রে ইতোমধ্যে প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ প্রয়োজনীয় সব উপকরণ পাঠানো হয়েছে। নকল প্রতিরোধে ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৪৪টি টিম মাঠে কাজ করছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগভিত্তিক হিসেবে মানবিক বিভাগে সর্বাধিক ৫৮ হাজার ৩২ জন পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় ১৯ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৩৮৩ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। চার জেলার মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
গত এক দশকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে পরীক্ষার্থীর সংখ্যা কমে ২০২৬ সালে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৪২১ জনে। ২০২৫ সালে ছিল ১ লাখ ২ হাজার ৮৭২ জন, ২০২৪ সালে ১ লাখ ৯ হাজার ৫৮০ জন এবং ২০২৩ সালে ১ লাখ ৯ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী।
রুটিন অনুযায়ী, মঙ্গলবার থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।