logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৩ মার্চ ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আহত কর্মীর চিকিৎসার দায়িত্ব নেবে ডিএসসিসি

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মার্চ ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মার্চ ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন
আহত কর্মীর চিকিৎসার দায়িত্ব নেবে ডিএসসিসি

ঢাকা, ২২ মার্চ

ঈদের ছুটিতে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বৈদ্যুতিক লাইনম্যান সালাউদ্দিন আহমেদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার কর্পোরেশন বহন করবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।


রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিইউ ইউনিটে চিকিৎসাধীন সালাউদ্দিনকে দেখতে গিয়ে তিনি এ কথা জানান।


ডিএসসিসি সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন ২০ মার্চ ৩৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে বৈদ্যুতিক পোল থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সালাউদ্দিন আহমেদ। এতে তার মাথা ও হাতে মারাত্মক আঘাত লাগে।


হাসপাতালে আহত কর্মীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন প্রশাসক আব্দুস সালাম এবং চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন আহত কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে। সিটি কর্পোরেশন তার চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। বর্তমানে তার অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


কর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ঝুঁকিপূর্ণ কাজে হেলমেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে কোনো শিথিলতা বরদাশত করা হবে না। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে কেন ত্রুটি ছিল এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।


তিনি আরও বলেন, বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ঝড়-তুফানে গাছের ডাল ভেঙে দুর্ঘটনা এড়াতে জরিপ চালানো হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ সময় আহত কর্মীর সহকর্মীরা প্রশাসকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের পেশাগত সমস্যার সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।


তাদের আশ্বস্ত করে আব্দুস সালাম বলেন, একটি আলোকিত ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে কর্পোরেশন সব সময় পাশে থাকবে।


পরিদর্শনকালে আহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রশাসক এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14239
Page of