logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৮ আগস্ট ২০২৬ ১০:২৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

‘শহর আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের’—নাঈম

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ আগস্ট ২০২৬ ১০:২৪ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ আগস্ট ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
‘শহর আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের’—নাঈম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী


‘গ্রিন সিটি’ হিসেবে পরিচিত রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে নিজ ওয়ার্ডে বাস্তবমুখী উদ্যোগ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও রাজশাহী মহানগর যুবদলের নেতা বিপ্লব রহমান নাঈম। তাঁর উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ভদ্রা প্রাইমারি স্কুল এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত নির্দিষ্ট স্থান না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছিল বাসিন্দাদের। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান এলাকায় এলে ময়লা দেওয়া সম্ভব হলেও ভ্যান চলে যাওয়ার পর বর্জ্য রাখার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক সময় যত্রতত্র ময়লা ফেলার ঘটনা ঘটত। এতে পরিবেশ নোংরা হওয়ার পাশাপাশি দুর্গন্ধ সৃষ্টি ও পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়ত।


এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন বিপ্লব রহমান নাঈম। সংশ্লিষ্টদের আশা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার সুযোগ তৈরি হওয়ায় যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সহজ হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, “যুবদল সবসময় সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৬ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাঈমের ডাস্টবিন স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। আমরা আশা করি, এর মাধ্যমে মানুষের মধ্যে যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার সচেতনতা তৈরি হবে।”


রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, “বিপ্লব রহমান নাঈম শুধু এখন নয়, বিগত সময়েও মানুষের পাশে থেকে কাজ করেছেন। করোনাকালীন সংকটের সময়ও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী সিটি করপোরেশন নির্বাচনে তিনি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তাঁর সেবামূলক কাজ যেন আরও বেগবান হয়, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।”


তিনি আরও বলেন, “আমাদের শহর আমাদেরই। তাই শহরকে সুন্দর ও পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।”


রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, একটি পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে শুধু পরিকল্পনা নয়, মাঠপর্যায়ে এমন কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।


উদ্যোক্তা ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিপ্লব রহমান নাঈম বলেন, “আমি এই ওয়ার্ডেরই একজন মানুষ। এখানকার মানুষের সমস্যা আমারও সমস্যা। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করার চেষ্টা আগেও করেছি, ভবিষ্যতেও করে যেতে চাই। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর ময়লা ফেলা নিয়ে মানুষের যে সমস্যা হতো, সেটি বিবেচনা করেই বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছি।”


তিনি বলেন, “রাজশাহী একটি গ্রিন সিটি। আমাদের ২৬ নম্বর ওয়ার্ডকেও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে শুধু ডাস্টবিন স্থাপন করলেই হবে না, সবাইকে সচেতনভাবে এগুলো ব্যবহার করতে হবে। এলাকাবাসীর সহযোগিতা থাকলে আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে পারব।”


কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিপ্লব রহমান নাঈম জানান, পরিচ্ছন্নতার পাশাপাশি ওয়ার্ডের রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত সড়কবাতি ও নিরাপদ চলাচল, বিশুদ্ধ পানির ব্যবস্থা, যুবসমাজ ও খেলাধুলার উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধান তাঁর অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে রয়েছে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।


কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগেই ওয়ার্ডের একটি দৈনন্দিন নাগরিক সমস্যা সমাধানে সরাসরি উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে নিজের পরিকল্পনাকে মাঠপর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করছেন বিপ্লব রহমান নাঈম। তাঁর প্রত্যাশা, এলাকাবাসীর সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17274
Page of