logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৫ আগস্ট ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

সিলেট সীমান্তের চোরাই মোটরসাইকেল কুমিল্লায়, ডিবির হাতে ৯ জন

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
সিলেট সীমান্তের চোরাই মোটরসাইকেল কুমিল্লায়, ডিবির হাতে ৯ জন

অনলাইন ডেস্ক।

কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ছয়টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেলগুলো বাংলাদেশে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।


শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।


রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ছয়টি মোটরসাইকেলে করে নয়জন ওই এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে নয়জনকে আটক করেন।


পরে আটক ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এ সময় তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন কিংবা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।


ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশ ও সহযোগিতার মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন। এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলেও তারা পুলিশকে জানিয়েছেন।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার কচুয়ারপাড় গ্রামের কামিম আহম্মদ (২৮), কোতোয়ালি থানার শাহী ঈদগা এলাকার আঃ করিম (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার পুরাতন গদিগাঁও গ্রামের সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদ থানার নলকট গ্রামের পাবেল আহম্মদ (২৬), একই থানার নীলগাঁও গ্রামের হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই চান্দপুর গ্রামের রিপন চন্দ্র দাস (২৯), সিলেট কোতোয়ালি এলাকার চারাদিঘীরপার গ্রামের রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিঘর গ্রামের কাওছার হোসেন (২৬)।


অভিযানে জব্দ করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—রেজিস্ট্রেশন নম্বরবিহীন নীল-সাদা রঙের একটি Yamaha R15, কালো রঙের একটি Yamaha MT15, সাদা রঙের একটি Yamaha R15, কালো রঙের একটি Yamaha MT15, কালো রঙের একটি Yamaha R15 এবং নীল রঙের একটি Yamaha R15।


পুলিশ জানিয়েছে, জব্দ করা মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র না থাকায় এগুলো কীভাবে দেশে প্রবেশ করেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17202
Page of