গণভোট প্রচারে ডিসি-ইউএনওদের প্রতি সরকারের ৭ দফা নির্দেশনা
ঢাকা: উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না তা যাচাইয়ের জন্য সরকার কর্তৃক গণভোটের বিধান সংবলিত গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলোঃ
১. সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে ব্যাপকভাবে যুক্ত হবেন। জেলা তথ্য অফিসের সহায়তায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও জনবহুল ও উন্মুক্ত স্থানে বড় পর্দায় জনসাধারণকে গণভোট সম্পর্কে অবহিতকরণ ও সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা হবে।
২.হাট বাজার, বড় শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগম হয় এরূপ স্থানে বড় পর্দায় গণভোট এর প্রচার করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) যখন কোথাও কোন সভা করবেন, তখন গণভোটের বিষয়টি অধিক গুরুত্বের সাথে উপস্থাপন করবে। জেলা প্রশাসক কর্তৃক জেলা পর্যায়ের অফিসারদের নিয়ে জনসমাগম হয় এরুপ স্থানে গমন করবেন এবং গণভোট ও নির্বাচন সম্পর্কিত বিষয়ে বক্তব্য প্রদান করবেন।
৩. জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিজ উদ্যোগে বিভিন্ন পেশাজীবী ও জনসাধারণের সাথে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা আয়োজন করতে হবে।
৪. স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্ক এর মাধ্যমে এবং সিনেমা হলগুলোতে প্রচারমূলক কার্যক্রমের জন্য তথ্য অফিসের সাথে সমন্বয় করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৫. তথ্য অফিসে যেসকল প্রচার কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে সেগুলো সমন্বিত ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ কর্তৃক সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
৬. জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ কর্তৃক নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও আইনগত ব্যবস্থঅ গ্রহণ করতে হবে।
৭. বিভ্রান্তিমূলক তথ্য ও গুজব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং এরূপ গুজব না ছড়ানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।