কোম্পানীগঞ্জে ৭০ বারকী নৌকা ভেঙে দিল টাস্কফোর্স, আটক ২ কানাইঘাটে অবৈধ পাথর ভাঙার কয়েকটি ক্রাশার মেশিন বিকল
সিলেটের কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, ভাঙা ও পরিবহনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ডলাই নদীর বালুমহাল থেকে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে দেওয়া হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ এলাকার ডলাই নদীর পূর্ব তীর ও বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের টাস্কফোর্সের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা জব্দ করা হয়। পরে নৌকাগুলো ঘটনাস্থলেই ভেঙে দেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ব্যক্তির বয়স বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডলাই নদীর বালুমহালের লিজবহির্ভূত এলাকায় বারকী নৌকা চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিজিবি ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
অন্যদিকে একই দিনে কানাইঘাট উপজেলার বায়মপুর এলাকায় অবৈধভাবে পাথর ভাঙা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযানে ঘটনাস্থলে কোনো অপরাধীকে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে পাথর ভাঙার কাজে ব্যবহৃত কয়েকটি ক্রাশার মেশিন শনাক্ত করে সেগুলো বিকল করে দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাইঘাটে অবৈধভাবে পাথর ভাঙা, উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোম্পানীগঞ্জেও অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।