জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভারতে পাচারের আগেই ভুক্তভোগী উদ্ধার করল বিজিবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সংগ্রাম বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে।
আটক ব্যক্তির নাম রুবেল দাস (২৭)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। উদ্ধার হওয়া ভুক্তভোগী মো. লাল্টু হোসেন (৪১)। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় দুজনের সন্দেহজনক চলাফেরা নজরে আসে টহল দলের। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইকবাল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।