logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মালয়েশিয়ায় জাল ই-পাস তৈরির সিন্ডিকেটে দুই বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার অর্ধশতাধিক নথি

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ নভেম্বর ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ নভেম্বর ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় জাল ই-পাস তৈরির সিন্ডিকেটে দুই বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার অর্ধশতাধিক নথি

প্রবাসী ডেস্ক:


মালয়েশিয়ার পেনাং রাজ্যে ভুয়া ইমিগ্রেশন ই-পাস (e-Pass) তৈরি ও বিক্রির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (JIM)। এ সময় অর্ধশতাধিক সন্দেহজনক জাল ই-পাস, বিভিন্ন বিদেশি নাগরিকের পাসপোর্ট এবং জাল নথি তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন ও প্রিন্টার জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পেনাংয়ের সিম্পাং আমপাত, সেবেরাং পেরাই সেলাতান এলাকার তামান ইন্তান দেলিমার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেপ্তার দুই বাংলাদেশির বয়স ২৩ ও ৩২ বছর। পেনাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমদ শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।


ইমিগ্রেশন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি ল্যাপটপের মাধ্যমে ই-পাস ও পাসপোর্টের ডিজিটাল কপিতে থাকা তথ্য পরিবর্তন করে সেগুলো প্রিন্ট করত। পরে এসব জাল নথি বিদেশি কর্মীদের কাছে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হতো। বিশেষ করে বৈধ কাগজপত্রহীন অথবা ভিসার মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের লক্ষ্য করে চক্রটি কাজ করত বলে ধারণা করছে কর্তৃপক্ষ।


প্রতিটি জাল ই-পাস তৈরির জন্য ৫০ থেকে ১০০ মালয়েশিয়ান রিঙ্গিত নেওয়া হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে জব্দ করা লেনদেনের তথ্য পর্যালোচনায় কোনো কোনো ক্ষেত্রে ৫০০ থেকে ১ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থ নেওয়ার প্রমাণও পাওয়া গেছে।


অভিযানে এখন পর্যন্ত ৫০টির বেশি সন্দেহজনক জাল নথি শনাক্ত করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ঘটনাস্থল এবং আটক ব্যক্তিদের ল্যাপটপ ও মোবাইল ফোনে থাকা তথ্য পরীক্ষা করে এ বিষয়ে আরও তদন্ত চলছে।


অভিযানে জাল নথি তৈরির কাজে ব্যবহৃত একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার, বিভিন্ন বিদেশি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন চক্রের কাজে ব্যবহৃত একটি গাড়ি ও দুটি মোটরসাইকেলও জব্দ করেছে কর্তৃপক্ষ।


তদন্তে জানা গেছে, আটক ২৩ বছর বয়সী বাংলাদেশির পাসপোর্ট ও নির্মাণ খাতে বৈধ কাজের অনুমতি ছিল। তবে তার সঙ্গে আটক অপর বাংলাদেশির মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কাগজপত্র বা অনুমতি ছিল না।


গ্রেপ্তার দুজনকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫৬(১)(ল) ও ৫২(ডি) ধারা এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর ১২(১)(ফ) ধারায় তদন্ত চলছে।


পেনাং ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানিয়েছেন, জাল ই-পাস দেখতে অনেকটা আসল নথির মতো হওয়ায় সাধারণভাবে তা শনাক্ত করা কঠিন। তবে কিউআর কোড পরীক্ষা এবং ইমিগ্রেশন বিভাগের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে এসব নথির সত্যতা যাচাই করা সম্ভব।


এ ঘটনায় জাল ই-পাস সংগ্রহকারী ও ব্যবহারকারীদের শনাক্ত করার পাশাপাশি চক্রটির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।


প্রবাসীদের জন্য সতর্কবার্তা: মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থান ও কাজ করার জন্য অবশ্যই প্রকৃত ইমিগ্রেশন পাস ব্যবহার করতে হবে। কোনো ব্যক্তি বা দালালের কাছ থেকে ভুয়া ই-পাস তৈরি, কেনা কিংবা ব্যবহার করা থেকে বিরত থাকুন। সামান্য অর্থের বিনিময়ে এমন জাল নথি গ্রহণ করলে গ্রেপ্তার, কারাদণ্ড ও দেশে ফেরত পাঠানোর মতো গুরুতর আইনি জটিলতায় পড়তে পারেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18997
Page of