সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রসুন ও গরু জব্দ
সিলেট :
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় রসুন ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় রসুন ও গরু জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।