ডিসেম্বরজুড়ে দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ঘোষণা এনসিপির
ঢাকা :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি। এসব কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। পাশাপাশি দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এনসিপির ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল করা প্রয়োজন। দলটির বিভিন্ন কর্মকাণ্ডের বিচার নিয়ে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। এ বিষয়ে সংসদ ও রাজপথ—উভয় জায়গা থেকেই দাবি জানিয়ে আসছে এনসিপি।
জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্যের ভিত্তি কী হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে দেশের অন্যান্য রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্ল্যাটফর্মের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী এনসিপি।
সংবাদ সম্মেলনে দলের নেতারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব দাবি করেন, এসব ঘটনায় কয়েক দিনে বাসচালকসহ পাঁচ থেকে ছয়জন নিহত হয়েছেন।
তিনি বলেন, দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে এনসিপি।
দলের রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
সূত্র: এনপিবি নিউজ ও ইউনাইটেড নিউজ বাংলাদেশ (ইউএনবি)। এনপিবি নিউজ।