মালয়েশিয়া থেকে ১০৭ অভিবাসীকে নিজ দেশে ফেরত, তালিকায় বাংলাদেশিরাও
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ১০৭ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিসহ নয়টি দেশের নাগরিক রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে তাঁদের নিজ নিজ দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেরত পাঠানো ১০৭ জনের মধ্যে ৮৫ জন পুরুষ, ১৮ জন নারী, দুজন ছেলে শিশু ও দুজন মেয়ে শিশু। তাঁদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, ভিয়েতনাম, লাওস ও ম্যাকাওয়ের নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ (জেআইএম) জানায়, এসব বিদেশি নাগরিককে আগে কেদাহ রাজ্যের সিক জেলার বেলান্তিক ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটক রাখা হয়েছিল। তাঁরা মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের দায়ে আটক হন। পরবর্তী সময়ে তাঁদের আইনি প্রক্রিয়া ও নির্ধারিত সাজা সম্পন্ন হলে দেশে ফেরত পাঠানো হয়।
প্রত্যাবাসনের বিমান টিকিটসহ সংশ্লিষ্ট ব্যয় তাঁদের পরিবারের সদস্য ও নিয়োগকর্তারা বহন করেছেন। পাশাপাশি ভবিষ্যতে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ ঠেকাতে প্রত্যাবাসিত ১০৭ জনের নাম দেশটির অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটিতে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত, আটক, আইনি প্রক্রিয়ার আওতায় আনা এবং নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কতা: মালয়েশিয়ায় অবস্থানকালে বৈধ ভিসা ও কাজের অনুমতি বজায় রাখা এবং দেশটির অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা ও সারাবাংলা।