বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনি, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে তিনি এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।
তিনি বলেন, ২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) আনুষ্ঠানিকভাবে জানায়, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানায় দেশটি।
নির্ধারিত সময়ের অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে, ১৬ জুন বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। একই দিনে সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট এনসিবির কাছেও অনুরোধের অনুলিপি পাঠানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ কিংবা কোনো ব্যক্তির গ্রেপ্তার হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী অপরাধের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি ও অন্যান্য আইনি শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, বেনজীর আহমেদের জামিন পাওয়া মানেই প্রত্যর্পণ কার্যক্রম শেষ হয়ে যাওয়া নয়। একইভাবে বিচারিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই।
বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোর কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়ার পর এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ এবং স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।
তিনি আরও বলেন, আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা রেখেই সরকার কাজ করছে। নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইন মেনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পদক্ষেপ সংসদকে জানানোর নির্দেশ দেন স্পিকার। এর পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এ তথ্য তুলে ধরেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।