নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এ আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত ও সামাজিক নানা ঝুঁকির মুখে পড়ছেন বলে বৈঠকে তুলে ধরা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চান তিনি।
বৈঠকে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ, পরিবেশবান্ধব উদ্যোগ এবং বাংলাদেশের পাটজাত পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তুরস্ক।
এদিকে ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এমিনে এরদোয়ানও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।