রনজিতের সভার পর রাতারগুলের সেই রিসোর্টে পুলিশের তালা, আত্মগোপনে মালিক
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের আলোচিত মতবিনিময় সভার পর ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা দিয়েছে পুলিশ। এদিকে সভার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশ রিসোর্টটিতে অভিযান চালায়। এ সময় রিসোর্টের বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়। পরে রিসোর্টের ফটকে তালা লাগিয়ে দেয় পুলিশ। বুধবার সকালে রিসোর্টের ফটকে তালা ঝুলতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর সন্ধ্যার পর রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন ওই রিসোর্টে মতবিনিময় সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হলেও সেখানে পরে আওয়ামী লীগের ব্যানারে রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়।
সভাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রথমে সভার স্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশের তদন্তে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টের নাম উঠে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, সভায় উপস্থিত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত এবং ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তাঁকে শনাক্ত করা হয় বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে তারা মিয়া সভাস্থল হিসেবে রাতারগুলের ওই রিসোর্টের তথ্য দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে রিসোর্টটিতে যায় এবং সভার বিষয়ে তথ্য সংগ্রহ করে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন গণমাধ্যমকে সভার স্থান শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর বিকেলে একটি পর্যটকবাহী বাসে শিক্ষাসফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রিসোর্টটিতে উপস্থিত হন। জামালগঞ্জের আইনজীবী রোকন মিয়া শিক্ষাসফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন।
প্রথমে শিক্ষাসফরের ব্যানার টাঙিয়ে খেলাধুলা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন করা হয়। পরে রাত আনুমানিক ৯টার দিকে সেখানে উপস্থিত হন রনজিত সরকার। এরপর শিক্ষাসফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার প্রদর্শন করা হয়। সেখানে তিনি প্রায় পাঁচ মিনিট বক্তব্য দেন।
রিসোর্টটির ব্যবস্থাপক পারভেজ মোশাররফের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ১৭৫ জনের উপস্থিতির কথা বলে রিসোর্টটি বুকিং দেওয়া হয়েছিল। বুকিং নিশ্চিত করতে অগ্রিম ১০ হাজার টাকা দেওয়া হয় এবং পুরো আয়োজনের জন্য ৫২ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের কথা জানানো হয়েছিল।
এদিকে, রিসোর্টের মালিক সোহেল আহমদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। রিসোর্ট ভাড়া নেওয়া আইনজীবী রোকন মিয়ার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল গণমাধ্যমকে জানান, শিক্ষাসফরের ব্যানার ব্যবহার করে রিসোর্টে এসে সভা করার তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। সভায় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রনজিত সরকারের ওই সভাকে কেন্দ্র করে রাতারগুলের রিসোর্টে পুলিশের অভিযান, আলামত জব্দ ও তালা দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।