logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রিয় প্রবাসী ০৫ নভেম্বর ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ম্যাক্রোঁর দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী রনি, ‘প্যারিসের ছবি’তে মুগ্ধ ফরাসি নেতৃত্ব

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন প্রিয় প্রবাসী
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
ম্যাক্রোঁর দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী রনি, ‘প্যারিসের ছবি’তে মুগ্ধ ফরাসি নেতৃত্ব

মো. জুনেদ আহমদ, ফ্রান্স: ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর দপ্তর থেকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক ফরিদ আহাম্মদ রনি। তাঁর আলোকচিত্রভিত্তিক গ্রন্থ ‘প্যারিসের ছবি’ (Images of Paris)-এর মাধ্যমে ফ্রান্সের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও সাংস্কৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার স্বীকৃতি হিসেবে এ প্রশংসাপত্র দেওয়া হয়েছে।


২০২৬ সালের ২০ অক্টোবর পাঠানো চিঠিতে ফ্রান্সের সাংস্কৃতিক মর্যাদা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তাঁর সৃজনশীল উদ্যোগের প্রশংসা করা হয়েছে।


এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর হাতে নিজের প্রকাশিত গ্রন্থ ‘প্যারিসের ছবি’ তুলে দেন ফরিদ আহাম্মদ রনি। বইটি উপহার দেওয়ার পর রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাঁর কাছে ধন্যবাদজ্ঞাপন চিঠিও পাঠানো হয়েছিল। ২০২৫ সালের ৫ নভেম্বর বাংলা ট্রিবিউনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।


প্যারিসের ইতিহাস, স্থাপত্য, শিল্পকলা, সংস্কৃতি ও নগরজীবনের সৌন্দর্য আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। বাংলা, ইংরেজি ও ফরাসি—তিন ভাষায় প্রকাশিত বইটি আন্তর্জাতিক পাঠকদের কাছে ফ্রান্সের রাজধানীর ঐতিহ্য ও সৌন্দর্য পরিচিত করার একটি ব্যতিক্রমী উদ্যোগ।


ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তরের পাশাপাশি প্যারিসের মেয়র দপ্তর থেকেও বইটির জন্য ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসা পেয়েছেন বলে জানিয়েছেন লেখক।


‘প্যারিসের ছবি’ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের হাতেও পৌঁছেছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্যারিসের সাবেক মেয়র আন্নে ইদালগোর পাশাপাশি প্যারিসের ঐতিহাসিক গ্রঁ পালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ChangeNOW Summit-এ মোনাকোর যুবরাজ প্রিন্স আলবার্ট দ্বিতীয়, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরাঁ ফাবিউস এবং জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের হাতে বইটি তুলে দেন তিনি।


এ ছাড়া ২০২৬ সালের জুনে প্যারিসের বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার এবং আগস্টে ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলান্দের হাতেও গ্রন্থটি পৌঁছে দেন এই বাংলাদেশি আলোকচিত্রী।


ফরিদ আহাম্মদ রনির এই উদ্যোগকে বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের একটি উল্লেখযোগ্য প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। শিল্প, সাহিত্য ও আলোকচিত্র যে দেশ ও মানুষের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের সেতুবন্ধন তৈরি করতে পারে, ‘প্যারিসের ছবি’ তার একটি উদাহরণ।


ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাওয়া আনুষ্ঠানিক প্রশংসাপত্র তাঁর ব্যক্তিগত সৃজনশীল কাজের স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশের আলোকচিত্র ও প্রকাশনা জগতের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18623
Page of