ধর্মপাশায় জাতীয় যুব দিবস উদযাপন, ৬ যুবক-নারী পেলেন ৪ লাখ টাকার ঋণ
ধর্মপাশা প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক, পেশাজীবী এবং বিভিন্ন বয়সী যুবক-নারীরা অংশ নেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মবিন হাইয়ের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, উদীয়মান যুব সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন, যুব-নারী ও আত্মকর্মী সোনিয়া আক্তার এবং রাখি দেব।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুবসমাজকে আধুনিক প্রযুক্তিনির্ভর এবং কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণেরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছয়জন যুবক ও নারীর মধ্যে সহজ শর্তে মোট ৪ লাখ টাকার যুব ঋণের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।