logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০২ নভেম্বর ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সফল উদ্যোক্তা ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান, আত্মকর্মসংস্থানে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান

জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, ৩০ যুবকের মধ্যে ৩ লাখ টাকা ঋণ বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন
জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, ৩০ যুবকের মধ্যে ৩ লাখ টাকা ঋণ বিতরণ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং সফল উদ্যোক্তা ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলীর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী, সমাজসেবক আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী এবং সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সমাজকর্মী নুরুল হক, কেয়া মনি আক্তার, আরিফ বাদশা, তাসলিমা মেহজাবিন, আফিল মিয়া ও মো. মহসিন মিয়া।

অনুষ্ঠানে যুবসমাজের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে ৩০ জন যুবকের মধ্যে মোট তিন লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুজন যুব উদ্যোক্তাকে যথাক্রমে এক লাখ ও দেড় লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়।

বৃক্ষরোপণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটিকে সনদ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে অবদানের জন্য আরিফ বাদশা ও হক স্পোর্টস অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার একাডেমিকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া সফল আত্মকর্মী হিসেবে তাসলিমা মেহজাবিনকে সনদ দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

তাঁরা বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

বক্তারা নিজেদের জীবনের সফলতার অভিজ্ঞতা তুলে ধরে তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মানবসেবা, সামাজিক কর্মকাণ্ড ও যুব সংগঠনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা, আত্মকর্মী, সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18515
Page of