logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৫ অক্টোবর ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ, অনুমোদন ৩০টির

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ, অনুমোদন ৩০টির

অনলাইন  ডেস্ক: দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ কেনার প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।


মন্ত্রী জানান, বিধি অনুযায়ী দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে লোকোমোটিভগুলো কেনা হবে। এগুলো দেশে পৌঁছাতে আরও দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে। নতুন লোকোমোটিভ সংগ্রহের পাশাপাশি রেলওয়ের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।


রেলওয়ের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। অপচয়, অপ্রয়োজনীয় ব্যয় ও তদারকির ঘাটতির কারণে রেলওয়ের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


রেলসেবার মান উন্নয়ন ও যাত্রীদের যাতায়াত সহজ করার পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে রেলভিত্তিক যাত্রী পরিবহন সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের রেল যোগাযোগের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


ঢাকার আশপাশের জেলাগুলো থেকে সকালে ঢাকায় এসে রাতে ফিরে যাওয়ার সুবিধা নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। রেলসেবার মান উন্নয়নের মাধ্যমে যাত্রীবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।


পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ, সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সূত্র: বাসস

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18161
Page of