৫৫ বছর পর প্রথম মুক্তাঞ্চলের রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ, ৩ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন স্পিকার-মন্ত্রী
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদানের স্বীকৃতি হিসেবে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে সিলেটের জকিগঞ্জকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ ৫৫ বছরের প্রত্যাশা পূরণের সম্ভাবনায় সীমান্তবর্তী এ জনপদে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে কানাইঘাটকে দেশের দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও নতুন করে সামনে এসেছে।
এ উপলক্ষে আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জ ও কানাইঘাট সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর সঙ্গে থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সিলেট বিভাগের মন্ত্রী, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে এ সফরের আয়োজন করা হচ্ছে।
১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় জকিগঞ্জ। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রায় ২৫ দিন আগে মুক্ত হওয়া এ জনপদে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘদিন ধরে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল।
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান জাতীয় সংসদে জকিগঞ্জকে দেশের প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করেছেন। তাঁর উদ্যোগ ও আমন্ত্রণে স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরকে কেন্দ্র করে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারযোগে জকিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে স্পিকার ও অতিথিদের। সফরের শুরুতে তাঁরা কানাইঘাট উপজেলার সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা-সংলগ্ন কবরস্থানে শায়িত শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন। পরে জকিগঞ্জের চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং উপজেলা সদরে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
ঐতিহাসিক স্বীকৃতির পাশাপাশি উন্নয়ন প্রত্যাশা
জকিগঞ্জের ঐতিহাসিক স্বীকৃতির উদ্যোগকে ঘিরে আনন্দের পাশাপাশি দুই উপজেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও নাগরিক সমস্যাগুলোও সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও জকিগঞ্জ ও কানাইঘাট উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে।
জকিগঞ্জের আনন্দপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও এখনো বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়নি বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে কানাইঘাটের বড়চাতল এলাকায় ১৯৮১ সালে খনন করা আটগ্রাম-১ তেল-গ্যাস অনুসন্ধান কূপটি পরবর্তী সময়ে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এ কূপের সম্ভাবনাও নতুন করে যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাঁদের প্রত্যাশা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এসব গ্যাসক্ষেত্র ও অনুসন্ধান কূপের সম্ভাব্যতা পুনর্মূল্যায়ন করে উত্তোলনের কার্যকর উদ্যোগ নেওয়া হলে জাতীয় অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান ও স্থানীয় উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
সুরমায় সেতু না থাকায় দুর্ভোগে দুই উপজেলার মানুষ
যোগাযোগব্যবস্থার দুরবস্থা দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ। জকিগঞ্জের আটগ্রাম বাজার ও কানাইঘাটের কাড়াবাল্লা এলাকার সংযোগস্থলে সুরমা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় অর্ধশতাধিক গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, এ পথে লক্ষাধিক মানুষের যাতায়াত রয়েছে।
বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে অস্থায়ী বাঁশ-কাঠের সাঁকোর ওপর নির্ভর করে নদী পারাপার হতে হয় তাঁদের। গত ২৬ নভেম্বর কানাইঘাটের আমবাড়ী গ্রামের ফয়জুল হক (৬০) সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ মর্মান্তিক ঘটনা নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিকে আরও জোরালো করেছে।
স্থানীয়দের মতে, আটগ্রাম-কাড়াবাল্লা এলাকায় সুরমা নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় ব্যাপক পরিবর্তন আসবে।
এ ছাড়া গ্রামীণ সড়ক সংস্কার, নদীভাঙন রোধ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং স্থানীয় বেকারদের কর্মসংস্থানের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন বাসিন্দারা।
মাদক নিয়ন্ত্রণে স্থায়ী কার্যালয়ের দাবি
ধর্মীয় শিক্ষা ও আলেম-ওলামার ঐতিহ্যে সমৃদ্ধ জকিগঞ্জ ও কানাইঘাটে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের। তাঁদের অভিযোগ, সীমান্তপথে মাদক প্রবেশ ও দেশের বিভিন্ন অঞ্চলে পাচার প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম জোরদার করার পাশাপাশি জকিগঞ্জে অধিদপ্তরের একটি স্থায়ী শাখা কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।
কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল ঘোষণার প্রত্যাশা
স্থানীয় সচেতন মহলের মতে, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে তা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধক্ষেত্র এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতির দাবিও রাষ্ট্রীয় পর্যায়ে বিবেচনা করা প্রয়োজন।
জকিগঞ্জের ঐতিহাসিক দাবিকে জাতীয় সংসদে তুলে ধরা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি এ দাবি সংসদে উত্থাপন এবং স্পিকারকে জকিগঞ্জ-কানাইঘাট সফরে আমন্ত্রণ জানানোর জন্য স্থানীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের উদ্যোগেরও প্রশংসা করছেন তাঁরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী ৩ ডিসেম্বর স্পিকার ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে জকিগঞ্জের দীর্ঘদিনের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রত্যাশা পূরণের পথ সুগম হবে। একই সঙ্গে কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি এবং দুই উপজেলার গ্যাসসম্পদ, যোগাযোগব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানসহ দীর্ঘদিনের উন্নয়ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।