কানাইঘাটে দ্রুত এগোচ্ছে ৪৯ কোটি টাকার গাজী বুরহান উদ্দিন সড়কের কাজ, উচ্ছ্বসিত এলাকাবাসী
তাওহীদুল ইসলাম, কানাইঘাট (সিলেট):
সিলেটের কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কের উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিভিন্ন অংশে একযোগে আরসিসি ঢালাই, লেভেলিং, গার্ডওয়াল নির্মাণ ও সাইট খননের কাজ চলছে। উন্নয়নকাজের দৃশ্যমান অগ্রগতিতে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের রাজাগঞ্জ বাজারের উভয় পাশের অংশে আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। পাশাপাশি সুরমা স্কুল থেকে পশ্চিমমুখী সড়কের লেভেলিংয়ের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
অন্যদিকে বুরহান উদ্দিন বাজারের পূর্ব ও পশ্চিম পাশের সড়কে আরসিসি ঢালাইয়ের প্রস্তুতিমূলক কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে ওই অংশে সিসি ঢালাইয়ের কাজ শুরু হবে।
সড়কের অন্যান্য অংশেও উন্নয়নকাজ অব্যাহত রয়েছে। ভাটিরফৌদ থেকে চলিতাবাড়ী পর্যন্ত সড়কের লেভেলিংয়ের প্রথম পর্যায়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গাছবাড়ী আনারকলি সেন্টারসংলগ্ন এলাকায় আরসিসি ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া মাছুখাল বাজারের পশ্চিম দিক থেকে কানাইঘাটমুখী সড়কের অংশে সাইট খননের কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে রাজাগঞ্জ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার গাজী বুরহান উদ্দিন সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান যৌথভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে কানাইঘাটের রাজাগঞ্জ, ঝিংগাবাড়ী, দক্ষিণ বাণীগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী।
কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বুরহান উদ্দিন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান বলেন, “আমরা খুবই আনন্দিত। এত দ্রুত কাজ এগিয়ে যাবে, শুরুতে অনেকে তা কল্পনা করতে পারেননি। এ উন্নয়নকাজ বাস্তবায়নে ভূমিকা রাখায় মুফতি আবুল হাসান এমপি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
এদিকে কাজের অগ্রগতি ও তদারকি প্রসঙ্গে সিলেট জেলা খেলাফত মজলিসের নেতা এবং সংসদ সদস্য মুফতি আবুল হাসানের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত আবুল কালাম আজাদ বলেন, “আমাদের মাননীয় এমপি মহোদয় সড়কটির উন্নয়নকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই যাতে সড়কটির কাজ শেষ হয়, সে বিষয়েও আমরা মাঠপর্যায়ে নজর রাখছি।”
স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হলে কানাইঘাটের যোগাযোগব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।