চিকনাগুলে চেয়ারম্যান পদে আলোচনায় শাহজাহান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবী ও রাজনীতিবিদ মো. শাহজাহান। ইউনিয়নবাসীর ভাগ্যোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক ও স্মার্ট ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মো. শাহজাহান জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশায় তিনি উপজেলা ও জেলা পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি চিকনাগুল ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বি, ছাত্র ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রেখেছেন।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে শাহজাহানের নিবিড় যোগাযোগ রয়েছে। দলের কঠিন সময়ে তিনি মাঠে থেকে নেতাকর্মীদের সংগঠিত করেছেন এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। এ কারণে তৃণমূলের অনেক নেতাকর্মী এবার তাঁকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী বলে দাবি করছেন তাঁর সমর্থকরা।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. শাহজাহান বলেন, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে মানুষের জন্য কাজ করে আসছেন। দল তাঁকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী, দল আমাকে মূল্যায়ন করবে। দল আমাকে মূল্যায়ন করলে ইউনিয়নবাসী ও দেশের কল্যাণে নিজেকে উজাড় করে দেব। ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করব। অবহেলিত ও পিছিয়ে পড়া ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রস্তাবনা সংশ্লিষ্ট পর্যায়ে পাঠানো হয়েছে। ভবিষ্যতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে তাঁর।
শাহজাহানের ভাষ্য, উন্নয়ন থেকে পিছিয়ে থাকা চিকনাগুল ইউনিয়নকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। ইউনিয়নের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান তিনি।
তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমরা উন্নয়নবঞ্চিত থাকব না। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে চিকনাগুল ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
এদিকে শাহজাহানের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তাঁকে দলীয়ভাবে মূল্যায়নের প্রত্যাশায় নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিকনাগুল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। এর মধ্যে তরুণ নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি ও স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে মো. শাহজাহানের গণসংযোগ ও রাজনৈতিক তৎপরতা স্থানীয়ভাবে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।