logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ-জনগণের ঐক্যের আহ্বান

মধ্যনগরে মাদক, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

চ্যানেল জৈন্তা নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন
মধ্যনগরে মাদক, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মাদক, জুয়া, চুরি-ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, ইভটিজিং ও বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সুনামগঞ্জের মধ্যনগরে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধ্যনগর সদর ইউনিয়ন বিটের উদ্যোগে উপজেলার টুকের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর থানা পুলিশ আয়োজিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দীন শাহীন।


প্রধান অতিথির বক্তব্যে ওসি এ কে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, সামাজিক নানা অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর মেলবন্ধন জরুরি। জনগণের সহযোগিতা ছাড়া এককভাবে পুলিশের পক্ষে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।


তিনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও গুজবের বিরুদ্ধে মধ্যনগর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও বেগবান করতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।


ওসি স্থানীয়দের উদ্দেশে বলেন, এলাকায় কোনো ধরনের অপরাধ, মাদক ব্যবসা, জুয়া, বাল্যবিয়ে কিংবা সামাজিক অনাচারের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। সময়মতো তথ্য পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে।


সভাপতির বক্তব্যে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।


তিনি যেকোনো অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।


সভায় বক্তারা মাদক, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিং ও গুজবসহ সামাজিক নানা অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরেন। পাশাপাশি অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।


সামাজিক অনাচার ও অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17562
Page of