logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আন্তর্জাতিক বাজার ও উৎপাদন খরচের ভিত্তিতেই সয়াবিনের দাম সমন্বয় করা হবে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক বাজার ও উৎপাদন খরচের ভিত্তিতেই সয়াবিনের দাম সমন্বয় করা হবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৩:  আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ ও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানি-নির্ভর পণ্য। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম ওঠানামা করলে এর সরাসরি প্রভাব দেশের স্থানীয় বাজারেও পড়ে। আমদানিকৃত তেলের মূল্য নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট হিসাব পদ্ধতি বা ফর্মুলা রয়েছে।


তিনি জানান, আন্তর্জাতিক বাজারের এফওবি (FOB) মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বিমা, রিফাইনারির প্রক্রিয়াকরণ খরচ এবং পরিবহনকালীন অপচয় বা ওয়েস্টেজ যুক্ত করে চূড়ান্ত দর নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ইনডেক্স অনুসরণ করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরাও চাইলে এ হিসাব মিলিয়ে দেখতে পারেন।


ব্যবসায়ীদের লোকসানের ঝুঁকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতনির্ভর। আমদানিকারকরা টানা লোকসানের মুখে পড়লে বাজারে সরবরাহ সংকট তৈরি হতে পারে। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং উদ্যোক্তারা যাতে লোকসানের কারণে ব্যবসা গুটিয়ে না নেন, সে জন্য যৌক্তিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।


বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে। এছাড়া দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রমও চালু রয়েছে।


তিনি আরও বলেন, বাজারে কোনো কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সে জন্য ব্যবসায়ীদের ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সরবরাহ পাইপলাইন সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।


চিনির বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের শীর্ষস্থানীয় রিফাইনারি মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি রয়েছে। ইউটিলিটি সংক্রান্ত বিভ্রাটের কারণে সাময়িকভাবে তাদের উৎপাদনে বিঘ্ন ঘটলেও দ্রুতই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।


সরকারি কর্মচারীদের পে-স্কেল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় বেতন সমন্বয় একটি যৌক্তিক সিদ্ধান্ত। পে-স্কেল একবারে নয়, আগামী বছরের জুলাই পর্যন্ত ধাপে ধাপে কার্যকর হবে। ফলে বাজারে বৈষম্য বা আকস্মিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই।


সুগন্ধি চাল রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী জানান, অনুমোদনের বিপরীতে এ পর্যন্ত মাত্র আড়াই হাজার টন চাল রপ্তানি হয়েছে। যারা নির্ধারিত সময়ে চাল রপ্তানি করতে পারেননি, তাদের অনুমোদন উল্লেখযোগ্য হারে বাতিল বা কমানো হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17413
Page of