পানির সংকট নিরসনের দাবিতে সিসিক কার্যালয়ে বিক্ষোভ, আটক ৬
অনলাইন ডেস্ক :
সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিলেট সিটি করপোরেশনের ষষ্ঠ তলায় পানি শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির।
আটকরা হলেন—মিরাজ, তাহমিদ, তাহের, জুয়েল, রুহান ও মারুফ। তারা নগরের জল্লারপার এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির বলেন, সিটি করপোরেশনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে কর্মচারীরা ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ বলেন, ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে আটক যুবকদের একজন জল্লারপার এলাকার বাসিন্দা মোহাম্মদ এহছানুল হক তাহের দাবি করেন, তারা কোনো ভাঙচুর করেননি। পানির সংকট নিরসনের দাবিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতেই তারা সিটি করপোরেশনে গিয়েছিলেন।
এহছানুল হক তাহের সাংবাদিকদের বলেন, সোমবার এলাকার বাসিন্দারা সিটি করপোরেশনে গিয়ে পানির সংকটের কথা জানিয়েছিলেন। তখন কর্মকর্তারা তিন দিনের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার তারা আবার প্রতিবাদ জানাতে সিটি করপোরেশনে যান।
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পানির দাবি জানাতে গিয়েছিলাম। সিটি করপোরেশনে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। অন্যায়ভাবে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দ্রুত তাদের মুক্তি দিতে হবে।’
এদিকে, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দাবি জানানোর একটি প্রক্রিয়া আছে। তারা তাঁর কাছে এসে দাবি জানাতে পারতেন। কিন্তু নগর ভবনের ষষ্ঠ তলায় উঠে বিক্ষোভ ও ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, ‘দাবি জানানোর একটি প্রক্রিয়া আছে। তারা আমার কাছে দাবি জানাতে পারতেন। কিন্তু নগর ভবনের ৬ তলার উপরে উঠে বিক্ষোভ ও ভাঙচুর কোনভাবেই কাম্য নয়।’
পানির সংকট নিয়ে এলাকাবাসীর দাবি ও সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের পাশাপাশি ভাঙচুরের অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।