logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ৩১ আগস্ট ২০২৬ ১০:২৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জামালগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক-চোরাচালান ও যানজট নিয়ে আলোচনা

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:২৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
জামালগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক-চোরাচালান ও যানজট নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, বাজারের যানজট ও অবৈধ দখল, কিশোরদের মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।


সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক।


সভায় বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত (প্রকল্প) হাফছা রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।


সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।


সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়ন, বাজারে যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদ, উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ল্যাব সচল রাখার বিষয়ে আলোচনা হয়।


এছাড়া মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার ও বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা এবং কিশোরদের মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণের বিষয়েও সভায় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।


সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর জামালগঞ্জ বিনির্মাণে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগেই উপজেলার উন্নয়ন ও সামাজিক সচেতনতা আরও জোরদার করা সম্ভব।


সভা শেষে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17343
Page of