আজমিরীগঞ্জে ১৯ পিস ইয়াবাসহ যুবক আটক
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল মিয়া (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক বিল্লাল মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আজমিরীগঞ্জ পৌর এলাকার নীচবাজার শেড সংলগ্ন ইকরা শিশু একাডেমির পাশ থেকে তাকে আটক করা হয়। বিল্লাল মিয়া পৌর এলাকার শরীফনগর গ্রামের মো. জগলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে আজমিরীগঞ্জ থানার এএসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার নীচবাজার শেড সংলগ্ন ইকরা শিশু একাডেমি এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে বিল্লাল মিয়াকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিল্লাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।