logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৮ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

প্রথম ধাপে হবিগঞ্জসহ ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
প্রথম ধাপে হবিগঞ্জসহ ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি

দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসম্পন্ন একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রথম ধাপে দ্রুততম সময়ের মধ্যে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় এ কার্যক্রমের প্রথম ধাপে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।


শনিবার (২২ আগস্ট) হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে হুইপ জি কে গউছ এমপি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসম্পন্ন একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে চলতি অর্থবছরে প্রথম ধাপে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় এ কার্যক্রমের প্রথম ধাপে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, হবিগঞ্জ ও সিলেটের মানুষ অত্যন্ত ক্রীড়াপ্রেমী। আজকের ফাইনাল খেলায় দর্শকদের উপচেপড়া উপস্থিতি প্রমাণ করেছে, খেলাধুলার প্রতি এ অঞ্চলের মানুষের গভীর ভালোবাসা রয়েছে। খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সিলেট বিভাগ সারা দেশের জন্য একটি মডেল হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গ্যালারিসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। দেশের সব জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনার অংশ হিসেবে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের যে অংশে গ্যালারি নেই, সেখানে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।


তিনি বলেন, দর্শকদের যাতে মাঠে দাঁড়িয়ে খেলা দেখতে না হয় এবং গ্যালারিতে বসে স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে গ্যালারি নির্মাণের পাশাপাশি ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। হবিগঞ্জের মানুষের ক্রীড়াপ্রেম ও ব্যাপক উৎসাহকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এ অঞ্চলের খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়া হবে।


অনুষ্ঠানে হুইপ জি কে গউছ এমপি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করা সম্ভব। রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য হলেও খেলাধুলার মাঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।


তিনি বলেন, হবিগঞ্জে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, হবিগঞ্জের মানুষ খেলাধুলাকে ভালোবাসে এবং শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাস করে।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য ড. শাখাওয়াত হোসেন জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামাল মোল্লা, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আমিনুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।


ফাইনাল খেলায় বানিয়াচং ফুটবল একাদশ ১-০ গোলে নুনু ফুটবল একাডেমি, সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


আয়োজকরা জানান, ব্যাপক দর্শক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ ফুটবল প্রতিযোগিতা হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17277
Page of